বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, রাজনীতি করুন, অসুবিধা নেই। মিথ্যাচার বন্ধ করুন। লম্ফঝম্ফ বন্ধ করুন। ভয় দেখান, কাদের ভয় দেখান? আমরা কাউকে ভয় পাই না। আমাদের সবার রক্তে বঙ্গবন্ধুর আদর্শ। তাই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আপনাদের দোসর পাকিস্তানিদেরই আমরা ভয় পাইনি। তাদেরই যুদ্ধের মাধ্যমে এই দেশ থেকে তাড়িয়েছি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন কমলপুর নিউটাউন মোড়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পাপন বলেন, এরা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমার মাসহ বহু লোককে হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস গোলাম কিবরিয়াকে হত্যা করেছে। তারা এখন বলে আমরা খুন-গুম করছি। এসব মিথ্যাচার বন্ধ করুন। দেশের মানুষ তাদের এইসব মিথ্যাচার শুনছে না বলে তারা এখন বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে। ওদের দ্বারে দ্বারে ঘুরে লাভ হবে না। দেশের মানুষের কাছে আসুন। দেশকে ভালোবাসুন। দেশের মানুষকে ভালো বাসুন। এই দেশে থাকতে হলে দেশকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধুকে ভালো বাসতে হবে।
তিনি বলেন, এদের মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। ইতিহাস ভুলে যাবেন না। অতীতকে ভুলে যাবেন না। উন্নয়ন ওদের চোখে পড়ে না। তাই ওদের কাছ থেকে সাবধান থাকবেন।










