অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে পাকিস্তানের ইসলামাবাদে।
৪৮তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ৫৭টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী, পর্যবেক্ষক এবং অতিথিরা অংশগ্রহণ করছেন।
সম্মেলনে কাশ্মীর, ফিলিস্তিন এবং ইসলামোফোবিয়া সহ ১৪০টি প্রস্তাব উপস্থাপন করা হবে।
ওআইসির সম্মেলনে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মুসলমানরা দেড় কোটি হলেও তাদের গুরুত্ব দেওয়া হয় না। সব মুসলিম দেশের আলাদা আলাদা পররাষ্ট্রনীতি আছে।
তিনি বলেন, মুসলিমদের সন্ত্রাসবাদের সাথে যুক্ত করা হয়েছে, সন্ত্রাসের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। ইসলামফোবিয়া একটি বাস্তবতা, আমাদেরকে আমাদের বক্তব্যকে তুলে ধরতে হবে।
পাক প্রধানমন্ত্রী বলেন, নাইন ইলেভেনের পর ইসলামোফোবিয়া ভয়াবহভাবে বেড়েছে। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ঐতিহাসিক প্রস্তাব পাস করা হয়েছে।
ইমরান খান বলেন, আফগানিস্তানে মানবিক সঙ্কট চলছে। আফগান জনগণ চায় না যে, তাদের ওপর কেউ শাসন করুক। গত ৪০ বছরে আফগানদের মত কোন জাতি ক্ষতিগ্রস্ত হয়নি।
তিনি আরও বলেন, ভারত কাশ্মীরের ভূমিতে বাইরে থেকে লোক এনে মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করছে। ভারত বেআইনিভাবে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে।
ইমরান খান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য ওআইসি ও চীনের যৌথ প্রচেষ্টার পরামর্শ দেন এবং একই সাথে ইসলামী দেশগুলোকে নিরপেক্ষ থাকার পরামর্শ দেন।
ইমরান খান বলেন, কোন ব্লকে গিয়ে যুদ্ধের অংশ না হয়ে ঐক্যবদ্ধ থাকুন এবং শান্তির অংশীদার হন।
সূত্র : জিয়ো নিউজ











