বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য এত বেড়েছে, মানুষ দিশেহারা। তারা কি খাবে? সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। তারা খেতে পারলেই হলো। শুধু আওয়ামী লীগ খাবে, শরীর মোটা করবে, আর দুর্নীতির টাকা বিদেশে পাচার করে সেখানে বাড়িঘর করবে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ পরিচালনায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা চাল-ডাল-তেল-লবণের দাম কমাতে পারে না। কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, এখন চাল খাওয়াচ্ছে ৭০ টাকায়।
মানববন্ধনে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমার সঙ্গে সবাই স্লোগান দেন, চাল-ডাল-তেলের দাম কমাতে হবে, কমাতে হবে। এসময় সহস্রাধিক নেতাকর্মী মির্জা ফখরুলের সঙ্গে স্লোগান দেন।











