বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্যে সরকারের দেওয়া সামাজিক সহায়তা প্রকল্পে ঘুষ গ্রহণের দায়ে ইন্দোনেশিয়ার সাবেক সমাজ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জুলিয়ারি পিটারকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মূল ফৌজদারি শাস্তি সম্পন্ন হওয়ার পর চার বছরের জন্যে জুলিয়ারিকে কোনো সরকারি পদে নির্বাচিত হওয়ার অধিকার দেওয়া হবে না।
সোমবার (২৩ আগস্ট) জাকার্তা দুর্নীতি দমন আদালত এ রায় দেন।
জানা যায়, কারাদণ্ডের পাশাপাশি আদালত জুলিয়ারিকে এক মিলিয়ন মার্কিন ডলার রাষ্ট্রীয় তহবিলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। তার সম্পদ বাজেয়াপ্ত করে যদি চুরি করা অর্থের সমপরিমাণ অর্থ না মেলে, তবে তার কারাদণ্ড আরও দুই বছর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দেশটির ক্ষমতাসীন ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) রাজনীতিবিদ জুলিয়ারির বিরুদ্ধে মহামারি চলাকালে দরিদ্রদের জন্যে নির্ধারিত সামাজিক সহায়তা প্যাকেজের মালামাল ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার এবং ৩২ দশমিক দুই বিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়া ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। পরে গত ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (কেপিকে) তাকে আটক করে এবং দেশটির রাষ্ট্রপতি জোকো উয়িদোদো তাকে বরখাস্ত করেন।












