আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সীমান্ত এলাকাগুলোতে আগ্রাসন চালানোর অধিকার কারো নেই।
তিনি রোববার প্রকাশিত এক অডিও বার্তায় আরো বলেছেন, “আফগানিস্তান এমন একটি অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলবে যেখানে সেনাবাহিনীর পাশাপাশি একটি শক্তিশালী বিমানবাহিনী থাকবে।”
তালেবানের নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী তার অডিও বার্তায় আরো বলেন, “ইসলামি আমিরাত আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকার-ভিত্তিক দায়িত্ব হচ্ছে দেশের সীমান্ত ও ভূমি রক্ষা করা। আফগানিস্তানের সীমান্ত বা এদেশের সীমারেখায় আগ্রাসন চালানোর অধিকার কারো নেই। আমরা সেরকম অনুমতি কাউকে দেব না।”
তাজিকিস্তানে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটভুক্ত দেশগুলোর ছয় দিনব্যাপী সামরিক মহড়ার শেষদিনে আফগান প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্য প্রকাশিত হলো।
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুষ্ঠিত ওই মহড়ায় রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তানের প্রায় পাঁচ হাজার সেনা অংশ নেয় যাদের অর্ধেকই ছিল রাশিয়ার সৈন্য। তবে মাওলানা ইয়াকুব তার অডিও বার্তায় এই মহড়ার প্রতি কোনো ইঙ্গিত করেননি।
১৯৯০ এর দশকে তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মাদ ওমরের ছেলে মাওলানা ইয়াকুব তালেবানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব।
তিনি কোনো দেশ বা প্রতিপক্ষের নাম উল্লেখ না করে বলেন, আফগানিস্তানে কেউ আগ্রাসন চালালে তালেবান কঠোর প্রতিক্রিয়া দেখাবে।
তিনি বলেন, “ইসলামি আমিরাত আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোটা বিশ্ব এবং প্রতিবেশেী দেশগুলোর কাছে সুস্পষ্টভাবে এই বার্তা পাঠাতে চায় যে, আফগানিস্তান তাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু এর অর্থ এই নয় যে, কেউ আগ্রাসন চালালে আমরা গালে হাত দিয়ে বসে থাকব।”
পার্সটুডে











