দেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়, হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (২৭ জুন) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্টের সময়ে বাধা দিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। সরকারি অফিসে হামলা চালিয়ে নথিপত্রে আগুন দেওয়ার ঘটনাও এসব ঘটনা মানবাধিকার সংগঠনগুলো বক্তব্য বিবৃতিতে কিছুই বলে না।
ওবায়দুল কাদের বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে ঢালাও অভিযোগ প্রত্যাশিত নয়।
ওবায়দুল আরও বলেন, হেফাজতে কোনো অপরাধমূলক কাজ হলে নিজস্ব আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনার নজির রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।
সেতুমন্ত্রী বলেন, সব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হয় নাই।
সেতুমন্ত্রী আরও বলেন, মানবাধিকার সংগঠনের নামে দেশ ও সরকারবিরোধী এসব তৎপরতা পরিকল্পিত কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
এ ধরনের উদ্দেশ্যমূলক এবং একচোখা দৃষ্টিভঙ্গির পরিচয় বহনকারী বিবৃতি বাংলাদেশের ইমেজ নষ্ট করার সংঘবদ্ধ অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয় বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।











