ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
রবিবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষ করে একটি মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে জিরো পয়েন্ট মোড়ে এলে পুলিশ তাদের বাধা দেয়। সমাবেশ শেষে ৫ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ২০ জুন সচিবালয়ে জাতীয় সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধ করার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে সারা দেশে কয়েক লাখ শ্রমিকের রুটি-রুজি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এমনকি গ্যারেজ ও বাড়িতে অভিযান চালিয়ে দরিদ্র রিকশাওয়ালাদের রিকশা, ব্যাটারি, মোটর, যন্ত্রাংশ ইত্যাদি জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে। এই সকল ব্যাটারি, মোটর যন্ত্রাংশ আমদানি এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো নিষেধ ছিল না।
বক্তারা আরও বলেন, গরিব রিকশাওয়ালারা সুদের ওপর কিস্তিতে কিংবা সঞ্চয় ভেঙে রুটি-রুজির জন্য ব্যাটারি রিকশা কিনেছেন। শ্রমিকরা বাণিজ্যিক দরে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। কোনো ধরনের সংস্কারমূলক প্রস্তাব বিবেচনায় না নিয়ে এই বন্ধের ঘোষণা লাখো শ্রমিককে আজ পথে বসিয়ে দিয়েছে।
সমাবেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ রিক্সা চালকরা উপস্থিত ছিলেন।












