spot_img

ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বাসায়

ইডেন কলেজের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে তারা আব্দুর রাজ্জাকের বাসায় যান। সেখানে সম্প্রতি ইডেন ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার হওয়া ১২ জন রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত এক সহ-সভাপতি।

তিনি জানান, ইডেন কলেজের সাম্প্রতিক সংঘাতের বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের বাসায় এসেছি। আমরা তার কাছে ইডেন কলেজে সংঘটিত সেদিনের ঘটনার বিস্তারিত জানাব।

এর আগে, সোমবার সকালে ইডেন কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃত ১৬ নেত্রীর ১২ জন। এ সময় তারা বহিষ্কার হওয়া বাকি চারজনকে চেনেন না বলে জানান। সংবাদ সম্মেলন শেষে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনশনের জন্য যান।

কিন্তু ভেতর থেকে দেড় ঘণ্টা পর বেরিয়ে তারা জানান, আমরণ অনশন বাতিল করা হয়েছে। নতুন কোনো কর্মসূচিও নেই। কেন অনশন বাতিল করলেন, রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কে কে ছিলেন— জানতে চাইলেও তারা কোনো উত্তর দেননি।

দুই পক্ষের রেষারেষি ও মারামারির ঘটনায় ২৫ সেপ্টেম্বর রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ