রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার সঙ্গে এর সরাসরি সম্পর্কের কথা বলা হয়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনাস্থলের কাছেই শাহ আলী থানা থাকা সত্ত্বেও পুলিশ সময়মতো সেখানে পৌঁছেছিল কি না এবং পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে বলে অভিযোগ রয়েছে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা ভেঙে ফেলা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় চিকিৎসা সরঞ্জাম, সরকারি ইপিআই টিকা, ওষুধ, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। পরে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা, লুটপাট ও স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনার সময় পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপি কমিশনারের নির্দেশে দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পুলিশের ভূমিকা ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে বলা হয়েছে। কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।











