রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব মোড়ে জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব ও আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। একই সময়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সেখানে অবস্থান নেন। এ সময় সংলগ্ন আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগের প্রতিবাদে রোববার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে।
তিনি বলেন, ‘দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সে জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।











