spot_img
spot_img

বিরোধী দলীয় নেতা জি এম কাদের, উপনেতা আনিসুল ইসলাম

অবশেষে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। রোববার (২৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে অনুমোদন দিয়েছেন।

এদিন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি’র ২(১) (ট) বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ মোতাকে চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

এর আগে গত ১৮ জানুয়ারি দলের চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করে জাপার নির্বাচিত সংসদ সদস্যরা। এদিন সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দফতরে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত নিয়ে তা স্পিকার বরাবর পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ