spot_img

কানাডার আদিবাসী অধ্যুষিত এলাকায় অগ্নিকাণ্ডে ২ গির্জা ভস্মীভূত

কানাডার পশ্চিমাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকায় দুটি ক্যাথলিক গির্জা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ায় সেইন্ট অ্যান’স ও চোপাকা নামের ওই দুটি গির্জায় আগুন লাগার ব্যবধান ছিল ঘণ্টাখানেক। দুটি ভবনই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে

স্থানীয় সময় শনিবার (২৬ জুন) দেশটির পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে গত সপ্তাহের সোমবার কানাডায় জাতীয় আদিবাসী জনগোষ্ঠী দিবস উদ্যাপনের দিনও ব্রিটিশ কলাম্বিয়ায় আরও দুটি ক্যাথলিক গির্জা আগুনে ভস্মীভূত হয়েছিল।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সার্জেন্ট জেসন বেইদা বলেছেন, আগের অগ্নিকাণ্ডগুলোর পাশাপাশি নতুন দুই অগ্নিকাণ্ডেরও তদন্ত চলছে, এখনো কোনো অভিযোগ আসেনি বা কেউ গ্রেফতার হয়নি।

প্রসঙ্গত, কানাডার সাসকাচেওয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি আবাসিক আদিবাসী স্কুলে ৭৫১টি অচিহ্নিত কবর শনাক্ত হয়। তারও এক সপ্তাহখানেক আগে ব্রিটিশ কলম্বিয়ার একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শনাক্ত হয়েছিল ২১৫টি কবর। এ ঘটনার পর সৃষ্ট উদ্বেগের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে চারটি ক্যাথলিক গির্জায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

উনবিংশ ও বিংশ শতাব্দীতে কানাডার আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক বোর্ডিং স্কুল ছিল। সরকার ও ধর্মবিষয়ক কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত এসব স্কুলে জোর করে আদিবাসী শিশুদের এনে রাখা হতো।

এছাড়া আদিবাসী শিক্ষার্থীদের গণকবর পাওয়া যাওয়ার ঘটনায় ক্যাথলিক চার্চকে দোষারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপকে কানাডায় এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ট্রুডো বলেন, আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা শুধু একটি ক্ষমা প্রার্থনা নয়, এটা হলো কানাডার আদিবাসী এবং মাটির কাছে ক্ষমা চাওয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ