অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে চলমান বিক্ষোভের জেরে শ্রমমন্ত্রী নাসরি আবু জাইশ পদত্যাগ করছেন। বিক্ষোভের জেরে ফাতাহ দলের নেতৃত্বে গঠিত পিএ সরকার থেকে তার প্যালেস্টিনিয়ান পিপলস পার্টির সমর্থন প্রত্যাহার করায় তিনি পদত্যাগ করছেন।
সোমবার (২৮ জুন) দলীয় এক সূত্রে এই খবর জানা যায়।
প্যালেস্টিনিয়ান পিপলস পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ইসাম আবু বকর ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, আইন ও জনগণের স্বাধীনতার বিষয়ে পিএ সরকারের যথাযথ শ্রদ্ধার ঘাটতির কারণে তাদের দল সরকার থেকে সমর্থন প্রত্যাহার করছে।
এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীর হেফাজতে এক ফিলিস্তিনি অ্যাকটিভিস্টের মৃত্যুর পর পুরো পশ্চিম তীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সূত্র : মিডল ইস্ট আই।












