spot_img
spot_img

সরকারের সমালোচনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা মানবাধিকার লঙ্ঘন: আখতার

ফেসবুকে সরকারবিরোধী মন্তব্য করায় ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, সরকারের সমালোচনা করলেই কাউকে গ্রেপ্তার করা যায় না। সরকারের সমালোচনার কারণে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া মানবাধিকারের লঙ্ঘন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনার দায়ে গ্রেপ্তার সাথী আক্তারের মুক্তির দাবিতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় নারীশক্তির আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, গত আট মাসে বিএনপি সরকার গঠনের পর নিজেদের মধ্যে সহিংসতায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

তিনি বলেন, অথচ সাথী আক্তার ও আশরাফ উদ্দিন স্বজলেরা যখন আক্ষেপ করে বলেন, ‘চব্বিশে আন্দোলন করে ভুল করেছিলাম’, তখন তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

অবিলম্বে তাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আখতার হোসেন আরও বলেন, একদিকে সরকারের মন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামছেন, অন্যদিকে তাদের এমপির ছেলে ছাত্রদলের নেতাকে পিটিয়ে হত্যা ও লুটপাট করছেন। এটি খুবই আশ্চর্যজনক ঘটনা।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি, সদস্যসচিব নুসরাত তাবাসসুম এমপি এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ