ভোলায় প্রতিবেশির ওপর আক্রোশের জেরে গরুকে গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় প্রতিবেশি হারুনুর রশিদ নামে একজনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন তার ভাই আব্দুল মান্নান।
সোমবার (২৮ জুন) ভোর রাতে বোরহানউদ্দিনের হাসেম নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মির্জাকালু এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাটি নির্মম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে দুর্বৃত্তদের খুঁজে ব্যবস্থা নিচ্ছে। ওই এলাকায় দুই দফা অভিযান চালানো হয়েছে।
কৃষক আব্দুল মান্নানের স্ত্রী সাজেদা বেগম সাজু বলেন, রোববার বিকালে হারুনের স্ত্রী সীমা বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। ওই সময় সীমা বেগম তাদের দেখিয়ে নেওয়ার হুমকি দেয়। রাত ১টা পর্যন্ত ৪টি গরু গোয়ালে ছিল। এরপর তারা ঘুমিয়ে পড়েন। দুটি বাছুর, একটি গাভী গরু ছিল। সকালে ঘুম থেকে ওঠে দেখি গাভীটি নেই। সেটি বাগানের পাশে গলায় ফাঁস লাগানো (পায়ুপথে লাঠি ঢোকানো ) অবস্থায় গরুটিকে মৃত পাওয়া যায়। গরুটি এভাবে মারার জন্য সাজু বেগম হারুনকেই দায়ী করেন।
তবে হারুন মিয়া বলেন, তারা ৬ ভাই। তিন ভাই বাড়ি থাকেন না। বড় ভাই মারা যাওয়ার পর তার ছেলে আরিফ বাড়িতে এসে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাঙ্গামা করে। অপরদিকে লালমোহনে থাকেন মোতাছিন গগণ। তার সুপারি বাগান দেখার জন্য দায়িত্বে নিয়ে আব্দুল মান্নান অপকর্ম করে বেড়ায়। তাকে ফাঁসাতে গরুটি এভাবে মারা হয়েছে বলে মনে করেন হারুন অর রশিদ হারুন।












