রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ সেলিম মোর্শেদ ওরফে সেলিম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়। আটক সেলিম রাজশাহী মহানগরীর তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহাতাব আলীর ছেলে।
রবিবার (২৭ জুন) দিবাগত গভীর রাতে তাকে মহানগরীর বর্ণালীর মোড় থেকে গ্রেফতার করা হয়। সেলিমের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা, মাদকসেবন, জমি দখল, এলাকায় চাঁদাবাজি এবং ইতোপূর্বে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে।
আটককৃত বাকিরা হলেন- সেলিমের চাচাত ভাই মহানগরীর দাশপুকুর এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা হোসেন (৩২) এবং জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকার রবিউল হোসেনের ছেলে পিটার হোসেন (২৮)।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, রোববার দুপুরের পর অস্ত্রসহ এক যুবক ও তার এক সহযোগীর ভিডিওটি ভাইরাল হয়। ২৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে মহানগরীতে শুরু হয় তোলপাড়। এরপর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবুল কালাম সিদ্দিকের নির্দেশনায় পুলিশের বেশ কয়েকটি টিম তাদের আটকের জন্য মাঠে নামে। অবশেষে ওই দুই যুবককে শনাক্ত করা হয়। এরপর তাদের দুইজনসহ তাদের আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত রবিবার ২৭ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে- শীতের পোশাক জ্যাকেট পরিহিত একজন যুবক একটি বদ্ধ ঘরের মধ্যে পিস্তল নাড়াচাড়া করছেন। তার পাশেই বসে আছেন আরেকজন যুবক। এসময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা চলছিল। এ ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়। এরপরেই ওই দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।












