spot_img

আবারও লাঠি নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভীত নয়। মাঠে এসে কথা বলুন। আবারও লাঠি নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে। জাতীয় পতাকার অবমাননা করে রাজনীতি মেনে নেয়া হবে না।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সতর্ক অবস্থায় সংযমী হয়ে প্রস্তুতি নিয়েই রাজনীতি করছে। তাই আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপি বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে। মূলত তত্ত্বাবধায়ক সরকারের ভূত বিএনপিকে মাথা থেকে নামাতে হবে।

বিএনপিকে আবারও হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে নামলে খবর আছে। জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেয়া যাবে না।

বিএনপি নেতাদের নতুন করে অবরোধ ঘোষণা দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা তাদের আগের অবরোধ না তুলে নতুন করে কেন আবার অবরোধ ঘোষণা করেছে। তা জানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করতে সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্যশিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাক্তার ছায়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ