spot_img

বিএনপির দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জন দেখলে বিএনপির গাত্রদাহ হয়। যখন শেখ হাসিনা জাতিসংঘে ১৯ বারের মতো বাংলায় ভাষণ দিয়ে বিশ্বরেকর্ড করে সেরা রাষ্ট্রপ্রধান হন, তখন বিএনপি নতুন করে দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে বিএনপি ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশে ও প্রবাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত আছে।

তিনি বলেন, বিএনপি যদি আবারও ২০১৩ ও ২০১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে এবং কোনো ধরনের ষড়যন্ত্র করে, তাহলে তাদের প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, টানা ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বিএনপির ওপর অত্যাচার-নির্যাতন হয়নি। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দুঃশাসন বলতে যা বোঝায়, সেটা বিএনপির আমলেই বিশ্বরেকর্ড হয়েছে। এ দেশের মানুষ তা ভোলে নাই। দুঃশাসনের কথা বলার আগে বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না। জনগণ এখন বুঝে গেছে, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন গণধিক্কৃত দলে পরিণত হয়েছে। আর কানাডার আদালতেও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়া বিএনপির মুখে বড় বড় কথা শোভা পায় না। রাজপথ, আন্দোলন ও নির্বাচন সবকিছুতেই ব্যর্থ বিএনপি নিজেরাই নানা সমস্যায় নিমজ্জিত। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে বিএনপি পালানোর পথ পাবে না।

উপমন্ত্রী বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি এখন মরিয়া। তারা গণতন্ত্র নস্যাৎ করার নানামুখী ষড়যন্ত্রের নীলনকশা করছে। নির্বাচনে অংশ না নেয়া, নির্বাচন প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালীকরণে অনীহা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা এবং দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকা সেই নীলনকশারই বহিঃপ্রকাশ মাত্র।

তিনি আরও বলেন, প্রবাসীরা হাড়ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভিত মজবুত করে বৈদেশিক রিজার্ভ সমৃদ্ধ করে চলেছেন। এমনকি করোনার মধ্যে প্রবাসীদের পাঠানো আয় বাংলাদেশের আর্থনীতিক ভারসাম্য বজায় রাখতে বিরাট ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য কাজ করে চলেছেন। সুতরাং বিএনপির দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রবাসীরা কখনো মেনে নেবে না। তারা ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ