spot_img
spot_img

ভারতের সীমান্ত রেখায় সৈনিকদের ঈদ উদযাপন করলেন পাক সেনাপ্রধান আসিম মুনির

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ঈদুল আযহার দিনে ভারতের সঙ্গে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ঘাঁটিতে মোতায়েন সেনাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন।

আসিম মুনির সৈনিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের পেশাগত দক্ষতা, অটল নিষ্ঠা ও দায়িত্ববোধ অত্যন্ত প্রশংসনীয়। সীমান্তে আপনারা যে সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা পুরো জাতির জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “পরিবার থেকে দূরে থেকে সীমান্তের ফ্রন্টলাইনে ঈদ উদযাপন কোনো কষ্ট নয়। বরং এটি দেশের নিরাপত্তার জন্য এক মহৎ দায়িত্ব পালনের প্রতীক। মাতৃভূমিকে সারা বছর যেকোনো মূল্যে রক্ষা করাই আমাদের কর্তব্য।”

ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি ভারতের বিরুদ্ধে পরিচালিত “অপারেশন বুনিয়ান উল মারসুস”-এ সেনাবাহিনীর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। শহীদ ও গাজীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, “তাঁদের ত্যাগ আজও আমাদের জাতীয় নিরাপত্তা ও সংকল্পকে শক্তিশালী করে।”

সেনাদের সঙ্গে মতবিনিময়ের সময় পাক সেনাপ্রধান তাঁদের উচ্চ মনোবল, অপারেশনাল প্রস্তুতি এবং ভারতীয় যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তাঁদের কার্যকর প্রতিক্রিয়ার প্রশংসা করেন।

তিনি বলেন, “আমি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখি। আপনারা যেকোনো আগ্রাসন প্রতিহত ও পরাজিত করতে সম্পূর্ণ প্রস্তুত আছেন।”

কাশ্মীর প্রসঙ্গে আসিম মুনির বলেন, “কাশ্মীরিদের ন্যায়সঙ্গত ও সাহসী সংগ্রাম কখনো ভুলে যাওয়া যাবে না। পাকিস্তান তার নীতিগত অবস্থানে অটল রয়েছে। জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান অবশ্যই কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী হতে হবে।”

ঈদের নামাজ শেষে পাকিস্তানের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সূত্র : এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ